Skip to main content

স্বাধীনতা সংগ্ৰামী মনীন্দ্রনাথ মন্ডলের মূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Khejuri Live :খেজুরীর কশাড়িয়া মোড়ে স্বাধীনতা সংগ্ৰামী, সুসংগঠক, সাহিত্যিক ও সমাজসেবী মনীন্দ্রনাথ মন্ডলের (১৮৮০-১৯৪৩) মূর্তি প্রতিষ্ঠার ৭ম বার্ষিকী উদযাপন করা হয় ' মনীন্দ্রনাথ মন্ডল স্মৃতিরক্ষা সমিতি'র উদ্যোগে শনিবার সকালে। এদিন মনীন্দ্রনাথ মন্ডলের পূর্ণাবয়ব মূর্তিতে মালা ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। সভাপতিত্ব করেন খেজুরীর প্রাক্তন বিধায়ক ও আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল। সংস্থার সহ: সম্পাদক সুমন নারায়ন বাকরা, হিমাংশু মন্ডল, অনিমেষ ঘোষ, অঙ্কন সিনহা, শিশির দাস, ভবতোষ মন্ডল প্রমুখ মনীন্দ্রনাথ মন্ডলের জীবন ও স্বাধীনতা সংগ্ৰামে, সমাজ সংস্কারে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার কথা আলোচনা করেন তাঁদের বক্তব্যে। প্রসঙ্গত, মনীন্দ্রনাথ মন্ডল ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্ৰামী ও সংগঠক। তিনি লোক্যাল বোর্ড নির্বাচনে ১৯২৫ খ্রী: খেজুরী থেকে নির্বাচিত হয়েছিলেন। অনুন্নত সম্প্রদায়গুলিকে একত্রিত করবার জন্য রাজ্যস্তরে গড়েছিলেন বঙ্গীয় জনসংঘ (১৯২২ ) ও সর্বভারতীয় স্তরে গড়েছিলেন ' অল ইন্ডিয়া ডিপ্রেসসড ক্লাসেস অ্যাসোসিয়েশন ' (১৯১৭ ) । লিখেছেন অনেকগুলি পুস্তক। এর মধ্যে বঙ্গীয় জনসংঘ, আর্য্য পৌন্ড্রক, আর্য্য পৌন্ড্রকের বৃত্তি বিচার, ভবঘুরে, পৌন্ড্রক্ষত্রিয় কুলতিলক,স্মৃতির দান প্রভৃতি উল্লেখযোগ্য। দক্ষিণ খেজুরীর স্বাধীনতা সংগ্ৰামে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্ৰহণকারী ' হিজলী তরুণ সংঘ ' -এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এই সংস্থার তৎকালীন সদস্যরা ১৯৪২ খ্রীষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর রাতে বিনা রক্তপাতে খেজুরী থানা দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

Comments