Skip to main content

আভা মাইতি'র জন্মশতবর্ষিকী উদযাপন খেজুরীতে

Khejuri Live :  মেদিনীপুরের অগ্নিকন্যা, জনদরদী নেত্রী, খেজুরীর ভূমিপুত্রী আভা মাইতি'র জন্ম শতবার্ষিকী উদযাপিত হলো খেজুরীর দুই প্রান্তে। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সমন্বয় সংস্থা'র খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডে আভা মাইতি'র প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য  নিবেদন করে শ্রদ্ধা জানান আয়োজন সংস্থার সদস্যসহ স্থানীয় এলাকার বহু বিশিষ্টজন। আভা মাইতি'র সংগ্ৰামী জীবন নিয়ে আলোচনায় অংশগ্ৰহণ করেন শান্তিপদ দাস, সুদর্শন সেন,অম্লান পাত্র, সরোজ দাস,গৌতম পাত্র, ভবানী মন্ডল, বলরাম মান্না,শিশির দাস প্রমুখ বিশিষ্টজনেরা। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল ও সঞ্চালনা করেন সুমননারায়ন বাকরা। সম্পাদক জানান, ২০১৮ সাল থেকে আমরা খেজুরীর বিভিন্ন প্রান্তে আভা মাইতি'র জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছি খেজুরীর বর্তমান প্রজন্মের কাছে আভা মাইতি'র জীবন ও চিন্তাধারা তুলে ধরতে। বিকেলেও আভা মাইতি'র পৈতৃক বাসভূমি কলাগেছিয়াতে শিক্ষকদ্বয় জয়দেব মাইতি ও অরিন্দম মাইতির আহ্বানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।


 উপস্থিত ছিলেন খেজুরীর নানানপ্রান্ত থেকে সংস্কৃতি অনুরাগী বিশিষ্টজনেরা। উপস্থিত সকলে আভা মাইতি'র প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের পরে আলোচনায় অংশগ্ৰহণ করেন। ড. রামচন্দ্র মন্ডল, শান্তিরাম দাস,ড. প্রবালকান্তি হাজরা, পার্থসারথী দাশ,রঞ্জিত দাস, স্বপন মন্ডল,তারকনাথ ত্রিপাঠী,  অম্বিকেশ পাণিগ্ৰাহী প্রমুখের আলোচনায় ব্যক্তিগতভাবে আভা মাইতি'র সান্নিধ্যের কথা, তাঁর জীবনের বহু অজানা দিক উঠে আসে। সুমন নারায়ন বাকরা, শক্তিপ্রসাদ জানা , সুদর্শন সেন,প্রীতিকনা জানা, দূর্গা দাস প্রমুখেরা আভা মাইতি'র বিস্তৃত জীবন ও কার্যাবলী নিয়ে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ধীরেন্দ্রনাথ প্রধান, বিশ্বজিৎ পাণিগ্ৰাহী, প্রদীপ মাইতি প্রমুখ বিশিষ্টজনেরা। সঞ্চালনায় ছিলেন কানাইলাল জানা। আয়োজকদ্বয় শিক্ষক জয়দেব মাইতি ও অরিন্দম মাইতি জানান, আমরা বিগত চার বছর ধরে আভা মাইতি'র বসতভিটেতে জন্মদিনটি উদযাপন  করলেও গতবছর থেকে তাঁর জন্মদিনে বিশেষ আলোচনা সভার আয়োজন করে আসছি। এবছর তাঁর জন্মশতবর্ষে একটি স্মারকগ্ৰন্থ প্রকাশ, মূর্তি স্থাপন ও কলাগেছিয়া বাসস্ট্যান্ড থেকে আভা মাইতি'র পৈতৃক বাসভিটে পর্যন্ত রাস্তাটি আভা মাইতি'র নামাঙ্কৃত করবার উদ্যোগ নিয়েছি। আগামীদিনে খেজুরীর সাংস্কৃতিক সংস্থাগুলিকে একত্রিত করে বড় আকারে আভা মাইতি'র জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তাব ওঠে এদিনের সভায় এবং উপস্থিত সকলেই এই বিষয়ে একমত হন।

Comments