বন্যা পরিস্থিতির জন্য দায়ী জনসাধারণ!
Khejuri Live: জল নিকাশি ঠিক রাখা যেমন সরকারের দায়িত্ব তেমনি জনসাধারণেরও নিজেদের সচেতন থাকার কর্তব্যও রয়েছে৷ দরজা খুলে রেখে ঘুমাবেন আর চুরি হলে বলবেন পুলিশ প্রশাসন আর সরকারের দোষ৷ মালাই খাবেন আর খেতে খেতে মাছি বসলে বলবেন; রাঁধুনির দোষ! বাহ্ বাহ্ বাহ্! এগুলো দেখতে দেখতে আর শুনতে শুনতে সহ্য হচ্ছে না৷
এই যে ২০২১-এ, অতি বৃষ্টিতে পশ্চিমবঙ্গে দু-দুবার বন্যা হয় গেল৷ আপনারা কি করলেন? নিজের আনাচে কানাচে ড্রেন পরিষ্কার করেছেন কখনো? বাজার থেকে আনা বিভিন্ন প্যাকেট, প্লাস্টিকের থলি আর বোতলগুলোতো রাস্তায় এদিক ওদিক ফেললেন! অন্যরা সাফ করবে! তাই না! আপনার দায় নেই নাহ্? আপনি শুধু নেতা নেত্রীদের গাল পাড়বেন! আপনার কোনও দায়িত্ব নেই?
প্লাস্টিক, কাঁচের টুকরো, আবর্জনা, জঞ্জাল ফেলে আর আগাছায় খাল, ড্রেন, নালা, নয়াঞ্জুলি, জল নিকাশি ভর্তি করলেন বা অন্যেরা করলো - আপনি কি তার প্রতিবাদ করেছেন কখনো? অবৈধভাবে নদী ও খালের চরে ঘরবাড়ি, দোকানপাট, দখলদারি, ইঁটভাটা দিনের পরদিন গজিয়ে যাচ্ছে আর রাস্তার ধারে বিল্ডিং মেটিরিয়ালস্ ফেলে রেখে আমজনতার দুর্ভোগের কারণ হচ্ছে তার কি কোনওদিন প্রতিবাদ করেছেন? বাড়িতে বসে টিভিতে দেখে - বউর সামনে শুধু নেতাদের গালমন্দ ছাড়া আর কি করছেন বলুন তো?
অনেক হয়েছে নেতাদের গালমন্দ ৷ আমরা শুধু প্রতিবেশীর করা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই৷ পাড়া প্রতিবেশীর অন্যায়ের প্রতিবাদ করা কঠিন কাজ৷ তাদের বিরুদ্ধে চিঠি লেখাও কঠিন কাজ! তাই নেতাদের গালমন্দ করা ভীষণ সহজ কাজ ভেবে দিনরাত তাদের দোষগুলো তুলে ধরি৷ দিনরাত গালমন্দ করে যাই৷ নিজের টা একদম দেখি না৷
এতদিন নেতাদের দোষ ধরেছি৷ আর না! এবার আমাদের নিজেদের দোষ ধরবো৷ আমরা শুধরালেই সমাজ শুধরাবে! আমাদের ভুল, অন্যায় আর দোষগুলোর জন্য নেতাদের আর দোষ দেবো না৷
প্রায় ২০টি গ্রামের বর্তমান বন্যা পরিস্থিতিতে #খেজুরীর হেঁড়িয়া শ-মিল থেকে মোহাটির বেচু ঘোড়ই পুল পর্যন্ত #পালাবনী খালের আগাছা, জঞ্জাল পরিষ্কারের কাজ চলছে৷ ধ্বজিভাঙা থেকে মিত্রচক, হেঁড়িয়া, জরারনগর এবং মোহাটি পর্যন্ত এই খালের পাশে অবৈধভাবে ঘরবাড়ি, দোকানপাট, বেআইনি দখলদারি অনেকাংশে বেড়েছে৷ একটার পর একটা দোকান বসেছে, ঘর হয়েছে, বেদখল হচ্ছে সরকারী সম্পদ! আচ্ছা বলুনতো সরকারী রাস্তা, সরকারী নদী, খাল, ড্রেন, নালা, নয়াঞ্জুলি, জলনিকাশিগুলো কী আপনার নয়?
তাহলে বেদখল দেখে প্রতিবাদ করছেন না কেন? শুধু নেতা-নেত্রী, প্রশাসন, সরকারকে দোষারোপ করেন কেন? মার খাওয়ার ভয়! আরে বাবা! ঘর পড়ে গেল, সম্পদ ডুবে গেল, আপনজনের প্রাণ গেল! আর কবে জ্ঞান উদয় হবে?
কিছু অবুঝ মানুষ নদীতে ও খালে সরাসরি ছাই ফেলে ভরাট করে দিচ্ছে, অসাধু ইঁট ব্যবসায়ীরা মাটি চুরি করছে - এসমস্ত হচ্ছে জনসাধারণের সচেতনতার অভাবেই, তাইতো এই বন্যা পরিস্থিতি৷ আর তাদেরই জন্য লাখো লাখো মানুষ জলে ডুবছে৷ জান-মাল পরিবার নিয়ে বিপদে দিন কাটাচ্ছে৷ প্রাণহানি হচ্চে! কবে সচেতন হবেন আপনি!
অনেক প্রতিবেদন লেখা হয়েছে৷ প্রতিবাদ করা হয়েছে৷ অনেক আবেদন করা হয়েছে৷ আজ পালাবনী খালের জঞ্জাল পরিষ্কার দেখে ভালো লাগছে৷ জনসাধারণ সচেতন হলে কোটি কোটি টাকার অপচয়, ধ্বংস হবে না৷
অবৈধ দখলের প্রতিবাদ করুন৷ নদী, খাল, রাস্তা - আমার আপনার সবার৷ অবৈধ দখলদারির প্রতিবাদ করুন!
কলমে সমরেশ সুবোধ পড়্যা

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com